হবিগঞ্জে শিক্ষার আলো ছড়াতে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজ উদ্বোধন

বানিয়াচং ও নবীগঞ্জের মধ্যবর্তী কাগাপাশা অঞ্চলের জন্য আজ এক আলোকময়, আনন্দঘন, গৌরবময় ও ঐতিহাসিক দিন। শুভ উদ্বোধন হলো “নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজ”—এই জনপদের উচ্চশিক্ষার নতুন দিগন্তের এক উজ্জ্বল প্রত্যাশা।
শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে এই বিদ্যাপীঠ আগামী প্রজন্মের স্বপ্ন, সম্ভাবনা ও সাফল্যের পথপ্রদর্শক হয়ে উঠুক—এই কামনাই করি।
মরহুম নজির উদ্দিন আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান এডভোকেট সাহাব উদ্দিন আহমদ চৌধুরী, অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী এবং জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী (সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়)-এর আন্তরিক ইচ্ছা, দূরদর্শিতা ও নিরলস প্রচেষ্টার সুফল এই মহান শিক্ষাপ্রতিষ্ঠান। তাঁদের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসা ও সাধুবাদের দাবিদার।
একটি সমাজের উন্নয়নের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা। রাস্তা-ঘাট, ব্রিজ, ভবন কিংবা অবকাঠামোগত উন্নয়ন আমাদের জীবনকে সহজ করে; কিন্তু শিক্ষা মানুষের চিন্তাকে পরিবর্তন করে, বিবেককে জাগ্রত করে এবং একটি জাতির ভবিষ্যৎকে পরিবর্তন করে।
এই কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এ এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হলো। বিশেষ করে যারা দূরের কলেজে গিয়ে পড়াশোনা করার সুযোগ বা সামর্থ্য পেত না, তাদের জন্য এই প্রতিষ্ঠান একটি গুরুত্বপূর্ণ আশীর্বাদ হয়ে উঠতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত হুইপ জনাব আলহাজ্ব জি. কে. গউছ এমপি। এছাড়াও হবিগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আগত জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তুলেছিল অত্যন্ত গভীর, গৌরবময় ও আশাব্যঞ্জক।





