এবারের বাজেটে ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার ও মনিটরের আমদানিতে ৫০ থেকে ৭০% কর কমানোয় জনগণ খুশি ----- ফাহিম মাশরুর

বাজেটের অনেক কর সুবিধা মোবাইল কোম্পানি ও গুটি কয়েক প্রতিষ্ঠান পাবে, সাধারণ জনগণ পাবে না
আজ ১ জুলাই বিডিবিএল ভবনে TIPAP “টেলিকম ও প্রযুক্তি খাতে বাজেটের প্রভাব” শীর্ষক একটি সেমিনার আয়োজন করে । সম্প্রতি পাশ হওয়া “অর্থবিল ২০২৬’ এর প্রভাব নিয়ে আলোচনা করেন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, টেলিকম বিশেষজ্ঞ ও প্রযুক্তি বিদেরা।
TIPAP এর আহ্বায়ক ও Bdjobs এর প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টেলিকম বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন আহমেদ, Share Trip এর প্রধান সাদিয়া হক, সফটওয়্যার প্রতিষ্ঠান ড্রিম ৭১ এর প্রধান রাশাদ কবির ও বন্ড স্টেইনের প্রধান মীর শাহরুখ ইসলাম।
ফাহিম মাশরুর তার মূল উপস্থাপনায় বলেন যে এবারের বাজেটে ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মনিটরের মতো প্রোডাক্ট আমদানিতে ৫০-৭০% কর কমানো হয়েছে যা সাধারণ জনগণের জন্য খুশির ব্যাপার । কিন্তু এর বিপরীত দিকে স্মার্টফোনের উপর কর ব্যাপকভাবে বেড়ে গেছে । ল্যাপটপ আমদানিতে কর মাত্র ৯.৫% কিন্তু স্মার্টফোন আমদানিতে ৬২% - যা ৬ গুণের বেশি । এটি একেবারেই অযৌক্তিক কেননা বেশিরভাগ সাধারণ নাগরিক ল্যাপটপ যা কম্পিউটারের কাজ এখন স্মার্টফোন দিয়েই করে থাকে । গুটিকয়েক বিদেশি মালিকানাধীন স্মার্টফোন এসেম্বলি কোম্পানির স্বার্থে করা এই নীতির সমালোচনা করেন ফাহিম মাশরুর । এছাড়াও মোবাইল ডাটার উপর ২০% সম্পূরক শুল্ক ও ১৫% ভ্যাট বহাল রাখা ডিজিটাল বৈষম্য দূরীকরণে বাধা হিসাবে কাজ করছে বলে তিনি বলেন।
মাহতাব উদ্দিন আহমেদ বলেন যে, টেলিকম কোম্পানিগুলো নিজেদের জন্য লবি করে স্কিমের উপর ৩০০ টাকা ট্যাক্স কমিয়েছে এবং অন্যান্য অগ্রিম আয়কর কমিয়ে নেওয়ায় সুবিধা নিয়েছে। কিন্তু এটির জন্য টেলিকম কোম্পানিগুলোর প্রফিট বাড়বে, সাধারণ গ্রাহকরা উচ্চমাত্রার ট্যাক্সের জন্য কোন সুবিধা পাবে না । তিনি বলেন যে প্রতি ১০০ টাকার টকটাইমে সাধারণ গ্রাহক ৪০ টাকার বেশি সরকারকে দেয়। এই হার এশিয়ার যে কোন দেশ থেকে অনেক বেশি।
স্টার্টআপ প্রতিষ্ঠানের Share Trip এর প্রধান সাদিয়া হক সরকারকে ধন্যবাদ জানান, স্টার্টআপ সেক্টরে বেশ কিছু সহায়তা দেওয়ার জন্য । তিনি বলেন যে যেই নতুন ভালো নীতিগুলো নেওয়া হয়েছে সেগুলোর সুবিধা যাতে স্টার্টআপ কোম্পানিরগুলো সহজে নিতে পারে সে ব্যবস্থা জাতীয় রাজস্ব বোর্ডের করতে হবে ।
সফটওয়্যার প্রতিষ্ঠান ড্রিম ৭১ এর প্রধান রাশাদ কবির বলেন যে, সফটওয়্যার শিল্পের আয়কর অব্যাহতি সুবিধা ২০২৭ এ শেষ হয়ে যাবে । এর সুবিধা আরো বাড়ানো উচিত কেননা AI এর জন্য প্রচুর বিনিয়োগ দরকার হবে এবং সফটওয়্যার সেক্টরে যেহেতু ব্যাংক বিনিয়োগ করে না, লাভের টাকাই এই খাতে বিনিয়োগের প্রধান উৎস । অনলাইন নিউজ পোর্টাল ধুমকেতু সম্পাদক মোঃ আবু তোহা বলেন, মোবাইল কল ও ডাটা চার্জে ২০% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হলে সাধারণ কৃষক মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সুবিধা হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বেশ কয়েকজন তথ্যপ্রযুক্তি সাংবাদিক ও তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা।





