কৃষকদের প্রয়োজন ও মাঠের বাস্তবতা বিবেচনায় নিয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ করতে হবে ----- কৃষি সচিব সেলিম খান

মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী, কৃষকদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়
রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের চান্দোপাড়ায় মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে চান্দোপাড়া এলাকায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে চাষাবাদ, উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিয়ে মতবিনিময় করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুর রহিম।
এ সময় মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিনসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে মসলাজাতীয় ফসলের উন্নত জাত, আধুনিক প্রযুক্তি ও চাষাবাদের বিভিন্ন দিক কৃষকদের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে রোপা আমন ধানে সার প্রয়োগ, বস্তায় আদা চাষ, পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি এবং কৃষি-সংক্রান্ত প্রযুক্তি ও ‘খামার অ্যাপস’-এর ব্যবহার নিয়েও আলোচনা করা হয়।
কৃষি সচিব মো. সেলিম খান বলেন, কৃষির উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উন্নত জাতের সম্প্রসারণ জরুরি। কৃষকদের মাঠ পর্যায়ে এসব প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা দিতে হবে। এতে কৃষকরা নতুন প্রযুক্তি গ্রহণে আরও উৎসাহিত হবেন এবং উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষি থেকে লাভবান হওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, “কৃষকদের প্রয়োজন ও মাঠের বাস্তবতা বিবেচনায় নিয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ করতে হবে। আধুনিক চাষাবাদ পদ্ধতি গ্রহণের মাধ্যমে একই জমিতে অধিক উৎপাদন নিশ্চিত করা সম্ভব।”
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন বলেন, “বরেন্দ্র অঞ্চলে কৃষি উৎপাদন বাড়াতে পানি ব্যবস্থাপনা, উন্নত জাত ও আধুনিক প্রযুক্তির সমন্বিত ব্যবহার প্রয়োজন। কৃষকদের হাতে কার্যকর প্রযুক্তি পৌঁছে দিতে মাঠ পর্যায়ের এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।




