অবহেলিত সাতক্ষীরার উন্নয়নকে কেন্দ্র করে মন্ত্রিপরিষদ সচিবের নাম জড়িয়ে খবর প্রচারে বাংলাদেশ উন্নয়ন সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু তোহা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন খান এক বিবৃতিতে অবহেলিত সাতক্ষীরার উন্নয়নকে কেন্দ্র করে একটি পত্রিকায় সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব ডক্টর আব্দুর রশিদের নাম জড়িয়ে খবর প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন বিগত সরকারের সময় সাতক্ষীরা জেলা চরম অবহেলার শিকার হয়েছিল। এলাকার কোন উন্নয়ন হয় নাই। সাতক্ষীরা একটি বড় জেলা হওয়া সত্বেও এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় নাই। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল অবস্থা, উন্নয়নের কোন চিত্র চোখে পড়ে না। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সাথে যোগাযোগ ব্যবস্থার তেমন কোন উন্নতি হয় নাই ফলে দেশি বিদেশি পর্যটকদের যাতায়াতে খুবই ভোগান্তির শিকার হতে হয়েছে। বর্তমান সরকার সারাদেশে উন্নয়ন কাজে সমনীতি গ্রহণ করায় সকল জেলার উন্নয়ন কাজ ত্বরান্বিত হতে চলেছে, কোন জেলার প্রতি উন্নয়নের ক্ষেত্রে কোন বৈষম্য করা হচ্ছে না। মাননীয় মন্ত্রী পরিষদ সচিব ডক্টর আব্দুর রশিদ দায়িত্ব নেয়ার পর সরকারে গৃহীত নীতি সারাদেশে সমান উন্নয়ন করার কার্যক্রম হাতে নিয়েছেন, এক্ষেত্রে বিশেষ কোন জেলাকে অগ্রাধিকার দেয়ার কোন সুযোগ নাই। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অবহেলিত সাতক্ষীরা জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, সুন্দরবন কেন্দ্রিক আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র করতে হবে, একটি হিমাগার স্থাপন করা অত্যন্ত জরুরী। সাতক্ষীরা জেলায় বিমানবন্দর স্থাপন দীর্ঘদিনের দাবি এবং ভোমরা স্থলবন্দর কে আন্তর্জাতিক মানের করার দাবি সাতক্ষীরা বাসির। নাভারন থেকে সাতক্ষীরা জেলার শ্যামনগর মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপন সাতক্ষীরা বাসির দিনের দাবি ছিল। বিবৃতিতে নেতৃবৃন্দ অবহেলিত ও বঞ্চনার শিকার সাতক্ষীরা জেলার উন্নয়নে উক্ত দাবি সমূহ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর জোর দাবি জানিয়েছেন।




