জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে ------মন্ত্রী ফকির মাহবুব আনাম

স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়ার আহ্বান
মন্ত্রী ফকির মাহবুব আনামের
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
আজ সচিবালয়ে ডাক, ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে বিভাগ কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, নতুন সরকারের অগ্রযাত্রায় কাজই হবে প্রধান অগ্রাধিকার। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, স্বচ্ছতা (Transparency) ও জবাবদিহিতা নিশ্চিত করেই মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
ফকির মাহবুব আনাম জানান, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত থাকতে চান। সে লক্ষ্যে প্রতিটি বিভাগকে তাদের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, চেয়ারম্যান ও কমিশনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন এবং প্রত্যেকের কাছ থেকে সরাসরি কাজের অগ্রগতি জানবেন। এর মাধ্যমে তিনি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে চান।
আগামী পাঁচ বছরে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “সমন্বিত প্রচেষ্টা, স্বচ্ছতা ও নিষ্ঠার মাধ্যমে আমরা মন্ত্রণালয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব।”
সবশেষে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।





